কুষ্টিয়ায় রাস্তা পারাপারের বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় রাস্তা পারাপারের বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়ায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী (৬০)।

মঙ্গলবার (১৯ মে) ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষনা করেন। একই সাথে গুরুতর আহত তার স্ত্রীকে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল জানান, অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। একই সাথে আহতাবস্থায় আরেক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আঘাত লাগার কারণে তার অবস্থা আশংকাজনক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ মারা গেছেন। গুরুতর আহতাবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পিবিআই কুষ্টিয়ার একটি দল কাজ করছে।

Ads