কুষ্টিয়ায় নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
কুষ্টিয়ায় নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপূর্ব ইফতি তাইফ (১৮) হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে ও দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল এবং নিহত সাকিবুল ইসলাম (১৯) শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার পরীক্ষা শেষে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে যান। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, স্বজন ও স্থানীয়দের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, গরমের সময় অনেকেই ওই এলাকায় নদীতে গোসল করতে নামেন। তবে নদীর কিছু অংশে গভীরতা ও স্রোত বেশি থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। পরে নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

Ads