মনমোহন বিড়ির বিরুদ্ধে শতকোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মনমোহন বিড়ির বিরুদ্ধে শতকোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

জালিয়াতির মাধ্যমে প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর ও কুষ্টিয়া ভিত্তিক সুপরিচিত প্রতিষ্ঠান মনমোহন বিড়ি কোম্পানির বিরুদ্ধে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় দীর্ঘদিন ধরে এ অনিয়ম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব অনিয়মের কারণে সরকার বছরে প্রায় ৩০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে।

সূত্র জানায়, খুচরা বিক্রেতাদের কাছ থেকে ব্যান্ডরোল সংগ্রহ, বাজেট ঘোষণার আগেই বিপুল পরিমাণ বিড়ি উৎপাদন ও মজুদ, নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং নকল ব্যান্ডরোল তৈরির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন কৌশলে কর ফাঁকি দিয়ে আসছে মনমোহন বিড়ি।

সংশ্লিষ্টরা জানান, দুই দশক আগে চারদলীয় জোট সরকারের সময় প্রথমবার বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। সে সময় প্রায় ৫৯৮ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উঠে এলেও রাজনৈতিক প্রভাব ও এনবিআরের কিছু কর্মকর্তার সহায়তায় প্রতিষ্ঠানটি শাস্তির বাইরে থেকে যায়। এরপর একই কৌশলে প্রতিবছর রাজস্ব ফাঁকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

Ads