মাগুরায় হামকে মহামারি ঘোষনা করে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে সমাবেশ

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
মাগুরায় হামকে মহামারি ঘোষনা করে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে সমাবেশ

হাম মহামারিকে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত।

দেশব্যাপী উদ্বেগজনক হারে হাম রোগের বিস্তার এবং শিশুমৃত্যু বৃদ্ধি পাওয়ায় হাম মহামারিকে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা, সকল সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করা ও মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে আজ ২১ মে ২০২৬ সকাল ১১টায় মাগুরা সদর হাসপাতালের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও সংগঠক আসানূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ভবতোষ বিশ্বাস জয়।

বক্তাগণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি, বর্তমান সময়েও চিকিৎসাক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে হাম মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই শিশু মৃত্যু ঘটছে।

সমাবেশে হামে আক্রান্ত হয়ে গত ২ মাসে সরকারি হিসেবে প্রায় ৫ শতাধিক শিশুর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে হামের চিকিৎসায় যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করা হয়।

সমাবেশে বলা হয়, বিগত অন্তবর্তী সরকার হামের টিকা না কেনা এবং শিশুদের টিকা প্রদান না করায় নিয়ন্ত্রণযোগ্য রোগ হাম এখন মহামারী রূপে দেখা দিয়েছে। হামে শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টাসহ দায়ীদের বিচার দাবি করা হয় সমাবেশ থেকে।

সমাবেশ থেকে অবিলম্বে হামের রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ‘জরুরি স্বাস্থ্য বিপর্যয়’ ঘোষণা করে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানানো হয়। জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সমাবেশে বক্তাগণ বলেন, মাগুরার প্রেক্ষিতে দেখা যায়, আড়াইশো বেডের সদর হাসপাতালে কোন আইসিইউ নেই। ফলে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা জেলায় অনুপস্থিত। সমাবেশ থেকে মাগুরা জেলার সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবি জানান হয়।

 

Ads