বিএটিবি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট ও অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
বিএটিবি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট ও অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

বহুজাতিক তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর বিরুদ্ধে গত ৫৫ বছরে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ কোটি টাকারও বেশি) জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ উঠেছে। এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচারের রহস্য উন্মোচনে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইতিমধ্যেই দুদকের একটি বিশেষ অনুসন্ধান টিম বিষয়টির সত্যতা যাচাই ও তথ্য প্রমাণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে।

দুদকের প্রধান কার্যালয় (সেগুনবাগিচা, ঢাকা) থেকে গত মে ২০২৬-এ পাঠানো একটি স্মারকপত্রের (স্মারক নং- ০০.০১.০০০০.৪০৩.০১.১২৫.২৫) সূত্র ধরে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ১৯ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ২০ মোতাবেক এই অনুসন্ধান চালানো হচ্ছে। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ টোব্যাকো কোম্পানি লিমিটেড (সাবেক পাকিস্তান টোব্যাকো কোম্পানি লি., বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ) এর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) থেকে এই কোম্পানির নিবন্ধন সম্পর্কিত রেকর্ডপত্রসহ অনুমোদিত মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, আর্টিকেল অব অ্যাসোসিয়েশন, কোম্পানির মালিকানা, নিবন্ধিত অফিস, ফ্যাক্টরির তালিকা, Form-X, Form-XII, Form-IX, Form-XV, Form No. 23B, Form-VI, Schedule-X, সার্টিফিকেট অব ইনকরপোরেশন নং ও তারিখ, অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, শেয়ারের সংখ্যা, পরিচালকদের তালিকা ও তাদের সম্মতিপত্রসহ সংশ্লিষ্ট সকল নথিপত্রের সত্যায়িত অনুলিপি জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন ২০২৬ খ্রি. তারিখের মধ্যে এই সমস্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার নিকট প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এই কর্পোরেট অর্থপাচার ও জালিয়াতির অভিযোগটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এই অনুসন্ধানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে।

Ads