খুলনার হরিণটানায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
খুলনার হরিণটানায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনার হরিণটানা থানার কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার ২৪ মে ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় মুসল্লিরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা বাইতুল মা’মুর জামে মসজিদে গেলে বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের মাথার ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। কাজের উদ্দেশ্যে তিনি খুলনা শহরে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। রাতে হত্যার পর মরদেহ মসজিদের বারান্দায় ফেলে রাখা হয়েছে বলে মনে হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Ads