শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

ইয়ানূর রহমান, বিশেষ প্রতিনিধি যশোর ঃ
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

যশোরের শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ রফিক পশারী (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সকালে তাকে পুলিশ প্রহরায় যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৩ মে) রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার বাগুড়ী-বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে থেকে তাকে আটক করেন শার্শা থানা পুলিশ।

আটক রফিক পশারী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল শার্শা উপজেলার বাগুড়ী এলাকার বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে ৫টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৮৮ বান্ডিল বিদেশি ফিসিং নেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেটের মধ্যে ছিল-৮০ বান্ডিল এলিফ্যান্টা ফিসিং ট্যাকল, ৬৮ বান্ডিল কিরিন ফিসিং ট্যাকল এবং ৪০ বান্ডিল গোল্ড কাপ ব্র্যান্ডের ফিসিং নেট। তবে অভিযানের সময় প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, উদ্ধারকৃত ফিসিং নেট ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Ads