যাত্রী সুবিধার্থে সৈয়দপুর কারখানায় প্রস্তুত হয়েছে ১৪১ রেল কোচ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
যাত্রী সুবিধার্থে সৈয়দপুর কারখানায় প্রস্তুত হয়েছে ১৪১ রেল কোচ

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো ও কর্মক্ষেত্রে যাওয়া মানুষের সুবিধার্থে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১৪১ টি কোচ মেরামত ও সচল করা হয়েছে। ২৬ মে এসব কোচ দেশের বিভিন্ন আন্তনগর ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে।

কারখানা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচ প্রস্তুতের কাজে দিনরাত ব্যস্ত সময় পার করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কারখানার ২৮টি শপের শ্রমিক ও প্রকৌশলীরা নিয়মিত কর্মঘণ্টার পরও অতিরিক্ত সময় কাজ করেছেন।

সূত্রটি জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২ হাজার ৮৫৯টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৬৬৪ জন শ্রমিক-কর্মচারী। মাত্র ২৩ শতাংশ জনবল নিয়ে দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে কারখানাটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তীব্র জনবল সংকটের মধ্যেও ঈদযাত্রাকে গুরুত্ব দিয়ে পুরাতন কোচগুলোর জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, আসন বিন্যাস, বৈদ্যুতিক সংযোগ ও রং-সাজসজ্জার কাজ করা হয়েছে। এ কাজে বগি, হেভি রিপেয়ারিং, ক্যারেজ কনস্ট্রাকশন ও পেইন্ট শপসহ আরও ২৪টি শপ সহায়তা করেছে।

কারখানার শিডিউল শপের ইনচার্জ প্রকৌশলী রুহুল আমীন বলেন, ঈদে ঘরমুখো মানুষ ও কর্মে ফেরা মানুষের যাত্রায় স্বস্তিদায়ক করতে ১৪১ টি কোচ সচল করা হয়েছে। যাত্রীচাপ মোকাবিলায় বাড়তি কোচ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করেছি।

রেল কারখানার শ্রমিকরা জানান, প্রয়োজনীয় মালামাল ও জনবল সংকট থাকলেও ঈদে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত শ্রম ও সময় দিয়ে কোচগুলো দ্রুত প্রস্তুতের কাজ করেছি। যাতে অধিকসংখ্যক যাত্রী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।

ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, জনবল সংকট থাকা সত্ত্বেও ঈদের যাত্রীসেবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীরা যেন নির্বিঘেœ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য প্রতিটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নিয়েই কাজ করা হয়েছে।

কারখানায় ১৪১ টি কোচ মেরামতে কতো টাকা খরচ হয়েছে জানতে চাইলে কারখানার কর্ম ব্যবস্হাপক মমতাজুল ইসলাম কোন উত্তর দিতে পারেননি। এছাড়া ১৪১ টি কোচ বাইরে থেকে আমদানি করতে কতো খরচ হতো তারও কোন উত্তর দেননি তিনি।

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদযাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে রেলওয়ের বহরে যুক্ত করা হচ্ছে ১৪১টি কোচ, আমা করছি যাত্রীদের যাত্রায় আরামদায়ক হবে বলে জানান তিনি।

 

Ads