মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
মেসিকে নিয়ে দুঃসংবাদ দিলেন স্কালোনি

দুদিন আগে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে চোট শঙ্কা জাগে লিওনেল মেসির। দ্বিতীয়ার্ধে অস্বস্তি নিয়ে বদলি হিসেবে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা। এতে দুশ্চিন্তায় পড়ে আর্জেন্টিনা। তবে ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মেসি চোটে পড়েননি। মাংসপেশির ক্লান্তির কারণে মাঠ ছেড়েছিলেন তিনি।

এতে যেন হাঁপ ছেড়ে বাঁচেন আর্জেন্টাইন সমর্থকেরা। কারণ হ্যামস্ট্রিংয়ের ওই সমস্যা মেসির বিশ্বকাপ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। তবে এর মধ্যেই আবার দুঃসংবাদ দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে মেসিকে হয়ত পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে না।

দি স্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘(মেসির) প্রাথমিক রিপোর্ট খুব বেশি খারাপ নয়। এখন আমাদের দেখতে হবে, ও কীভাবে উন্নতি করছে এবং আরও কিছু পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকতে হচ্ছে, যাতে প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট (মেসি খেলার উপযোগী) নিশ্চিত করা যায়।

স্কালোনি আরও বলেন, ‘আমরা সবাই চাইতাম মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা তেমনটা নয়। শুধু সে-ই নয়, আরও অনেক খেলোয়াড় এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি। আমাদের প্রধান লক্ষ্য এখন তাদের পুনর্বাসন, যাতে তারা বিশ্বকাপে সেরা অবস্থায় পৌঁছাতে পারে।

Ads