উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ও একমাত্র স্লোগান— সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই মূলনীতিকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই পরিবেশেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে।’

দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনার আহ্বানও জানান তিনি।

Ads