উলিপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম আটক-৪

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
উলিপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম আটক-৪

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনে বাঁধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের স্লুইসগেট এলাকায়।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার এলাকার স্লুইসগেটের পার্শ্বে বাঁশঝারে শুক্রবার রাতে কয়েকজন যুবক গাঁজা সেবন করছিল। এসময় মাদকের গন্ধ পেয়ে ওই এলাকার মিজানুর রহমান ও আলমগীর হোসেন নামের দুই তরুন গাঁজা সেবনকারীদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

কিছুক্ষণের মধ্যে গাঁজা সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের অন্য সঙ্গিদের ঘটনাস্থলে ডেকে এনে সংঘবদ্ধ হয়ে ওই দুই তরুনকে মারতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়। ওই সময় মাদকসেবিরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইয়াসিন আরাফাত (২০) ও নাজমুল ইসলাম (১৮), স্বাধীন ইসলাম (১৬) ও মুকুল মিয়া (৪২) নামের ৪ জনকে আহত করে।

এতে ইয়াছিন আরাফাতের ভুড়ি বেরিয়ে আসে এবং নাজমুল ইসলামের মাথা গুরুতর জখম হয়। আহতদের আতœচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ইয়াসিন আরাফাত ও স্বাধীন ইসলাম নামের দুই তরুনের অবস্থা আসংঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত লোকজন ধাওয়া দিয়ে মোকসেদ আলী (২৮) নামের এক যুবককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওদিকে, গুরুত্বর আহত ইয়াসির আরাফাত এর চাচা লিটন সরকার (৩৬) বাদী হয়ে শনিবার (৩০ মে) ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩ জনের নামে উলিপুর থানায় মামলা করেন।

পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, দলদলিয়া ইউনিয়নের অর্জুন এলাকার আবুল কাশেমের ছেলে মোসাব্বির মুছা (৩৫), মোকছেদ আলী (২৮), শাহালম (৪০) ও রানা ইসলাম (৩৫)।

এদের মধ্যে মোসাব্বির মুছা উলিপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলার অভিযোগ তুলে বাদী হয়ে ২২৪ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ওই সময় তার বিরুদ্ধে মামলা বাণিজ্য করারও অভিযোগ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম জানান, গুরুতর আহত ইয়াসিন আরাফাত ও স্বাধীন ইসলাম নামের দুই তরুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মাদক সেবনে বাঁধা দেয়ায় যুবকদের কোপানোর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

Ads