মুঠো ফোনে কথা বলার জের পীরগঞ্জে চাচার হাতে ভাতিজা নিহত

সরওয়ার জাহান, পীরগঞ্জ প্রতিনিধি (রংপুর)ঃ
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
মুঠো ফোনে কথা বলার জের পীরগঞ্জে চাচার হাতে ভাতিজা নিহত

রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে বাঁচাতে গিয়ে আপন চাচার হাতে নিহত হলেন ভাতিজা। এ ঘটনা উপজেলার কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের। নিহত আশিকুর রহমান (২৬), এক কন্যা সন্তানের জনক। সে একই গ্রামের মামুনুর রশিদ সাজুর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে মুঠোফোনে কথা বলার জের ধরে আশিকুরের বড় ভাই রফিক হাসান ওরফে হেলেন মিয়ার সঙ্গে চাচা বকুল ও তাঁর ছেলে রানার বাকবিত-া হয়। এক পর্যায়ে বড় ভাই রফিককে মারধরের খবর পেয়ে আশিকুর ছুটে আসলে চাচা বকুল ও তার ছেলে রানার আঘাতে ভাতিজা আশিকুর ও এক নারীসহ আরো তিনজন আহত হয়।

তারা হলেন, রফিক হাসান হেলেন, আতিক ও আফরিন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা আশিকুরকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সে মারা যায়।

নিহতের মা সাদেকা বেগম বলেন, আমার ছেলে কোনো ঝগড়া করতে যায়নি। সে শুধু তার ভাইকে বাঁচাতে গিয়েছিল। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ads