খুলনা নগরীর লবণচরায় রাশেদ নামের একযুবকে কুপিয়ে হত্যা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
খুলনা নগরীর লবণচরায় রাশেদ নামের একযুবকে কুপিয়ে হত্যা

খুলনার লবণচরা এলাকায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে রাশেদ (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ০২ জুন সকালে মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরানের সঙ্গে রাশেদের পরিচয় হয়।

কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পরিবারের দাবি, গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনার ধারাবাহিকতায় এবার রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হ*ত্যা করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকালে পরিচিত এক যুবক রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্কুলভিটা এলাকার একটি স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গত ১৯ মার্চের গুলির ঘটনায় ইমরানকে গ্রেপ্তার করা হলেও সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Ads