কুষ্টিয়া বোনের বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
কুষ্টিয়া বোনের বাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে।

তিনি স্ত্রী ও সন্তান সঙ্গে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দেওয়ান রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলস্টেশনে নামেন। স্টেশনে নামার পর ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। বিপরীত দিক থেকে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী ও সন্তান সঙ্গে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Ads