তানোরে নিখোঁজের একদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার নানা আলোচনা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
তানোরে নিখোঁজের একদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার নানা আলোচনা

রাজশাহীর তানোর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সোনাভান বেওয়া (৬৯) নামে এক বৃদ্ধার মরদেহ বিলের পানির নালা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে বৃদ্ধার লাশ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের মোহম্মাদ আলীপুর গ্রামের বাসিন্দা সোনাভান বেওয়া গত সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পরদিন বিকেলে বাড়ির পাশের কুলার বিল এলাকায় অনুসন্ধানের সময় স্থানীয় লোকজন একটি নালার মধ্যে তাঁর শাড়ির আঁচল দেখতে পান। পরে সেখানে খোঁজ চালিয়ে পানির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তানোর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ বাদ আছর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তাঁর এক নাতির সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে অভিযোগের বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারেননি।

পুলিশও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Ads