শিশুদের হাতে স্মার্টফোন: বাড়ছে নানা ঝুঁকি, উদ্বিগ্ন অভিভাবকরা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
শিশুদের হাতে স্মার্টফোন: বাড়ছে নানা ঝুঁকি, উদ্বিগ্ন অভিভাবকরা

বর্তমান সময়ে প্রযুক্তির সহজলভ্যতার কারণে শিশুদের হাতে দ্রুত পৌঁছে যাচ্ছে স্মার্টফোন। অনলাইন ক্লাস, বিনোদন ও গেমসের নামে অনেক শিশু দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের মতে, দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে শিশুদের চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মনোযোগের ঘাটতি এবং সামাজিক যোগাযোগে অনীহা দেখা দিতে পারে। এছাড়া অনলাইন গেম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিশুদের আচরণগত পরিবর্তন এবং শিক্ষাজীবনেও বিরূপ প্রভাব ফেলছে।

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক জানান, হাসপাতালে যেসমস্ত শিশু রোগীরা আসছে তাঁদের অধিকাংশই অত্যাধিক মোবাইল ব্যবহার করার কারণেই চোখের রোগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আরও জানান, ইন্টারনেটে অনুপযুক্ত ও ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।

এতে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, শিশুদের মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ, শিক্ষামূলক কনটেন্ট নির্বাচন এবং বিকল্প হিসেবে খেলাধুলা ও বই পড়ার প্রতি উৎসাহিত করা প্রয়োজন। সচেতনতা ও পারিবারিক নজরদারির মাধ্যমেই শিশুদের সুস্থ ও নিরাপদ বিকাশ নিশ্চিত করা সম্ভব।

Ads