তানোরে ৪২৩ জন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
তানোরে ৪২৩ জন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

রাজশাহীর তানোর উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তা ৪শত ২৩ জন দুস্থ, গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে।এর মধ্যে ৪শত জনকে একহাজার করে চার লক্ষ্য টাকা ও বিশেষ চাহিদা সম্পূর্ন ২৩ জনকে ১লক্ষ্য টাকা বিতরন করা হয়েছে। তবে ঈদের আগে এসব আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি জানিয়েছেন উপকার ভোগীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। ঈদের আনন্দ যাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, সরকারের মানবিক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি সকলকে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মইনুল হোসেন,জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ ওবাইদুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডি এম আক্কাস আলী,তানোর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আঃ রহিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads