একটি পুরুষ ডাক্তার দিয়েই চলছে মা ও শিশু কল্যান কেন্দ্র

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
একটি পুরুষ ডাক্তার দিয়েই চলছে মা ও শিশু কল্যান কেন্দ্র

সৈয়দপুর শহরের পৌর পরিষদ সংলগ্ন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রেটিতে এক পুরুষ ডাক্তার দিয়েই চলছে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবার কাজ। এই হাসপাতালে নেই কোনো নারী গাইনী চিকিৎসক, নেই প্রয়োজনীয় ওষুধপত্র। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে রয়েছে ডাক্তারশূন্যতা। একটি পুরুষ ডাক্তারের সাথে একজন পরিবার কল্যাণ পরিদর্শীকা দিয়ে চালানো হচ্ছে গর্ভবতী নারীদের প্রসব সেবা ও নবজাতকদের প্রাথমিক চিকিৎসা।

সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট, অবকাঠামোর বেহাল দশা এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের অভাবে প্রতিষ্ঠানটি নামমাত্র সেবা কেন্দ্রে পরিণত হয়েছে।

ওই হাসপাতালের ডাক্তার সোহেল জানান, এখানে নিয়মিত নরমাল ডেলিভারি হয়। ডাক্তার দরকার ৩ জন, সেখানে একাই সব করতে হচ্ছে। একটু জটিল মনে হলেই প্রসূতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

তিনি বলেন গত ৫ বছর ধরে এখানে কোনো সরকারি ওষুধ সরবরাহ নেই। অপারেশন থিয়েটার না থাকায় এবং গাইনী বিশেষজ্ঞ না থাকায় জটিল রোগীদের সেবা দিতে পারছি না। সরবরাহ না থাকায় গ্লাভস, হেক্সাসল, ডেলিভারি কিট সবকিছুই রোগীর স্বজনদের কিনে আনতে হয়। গত মে মাসে এখানে ৫১টি রোগীর স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। আর জটিল রোগীদের অধিকাংশই পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনি আরো বলেন, ১৯৫৮ সালে স্হাপিত হয়েছে এই হাসপাতাল কিন্তু অবকাঠামো সহ চিকিৎসা সেবা দেয়ার কোন কিছুরই উন্নয়ন হয়নি। হাসপাতালটি স্হাপিত হওয়ার পর এটি ছিল একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যেখানে মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং নিরাপদ প্রসবের নিশ্চয়তা ছিল। কিন্তু এখন জনবল সংকট ও ঔষধ সংকটে ইচ্ছে থাকা সত্বেও রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছি না। ভবন সংস্কারের অভাবে বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির পানি পড়ে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুয়েল রানা বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবনটি পুনঃনির্মাণ করা জরুরি। গাইনী বিশেষজ্ঞ না থাকা এবং অপারেশন থিয়েটার না থাকায় এই হাসপাতালে অপারেশন হয় না। তিনি বলেন, সারা বাংলাদেশের এইসব হাসপাতালের একই অবস্থা। তবে আশা করছি বর্তমান সরকার খুব শিগগিরই মা ও শিশু কল্যান কেন্দ্রের উন্নয়ন করবেন। আবারো গর্ভবতী মায়েদের অপারেশন হবে। ঔষধ, অপারেশন থিয়েটার সব হবে এই হাসপাতালে।

স্থানীয়রা জানান, এক সময়ের প্রাণচঞ্চল এই সেবাকেন্দ্রটি এখন শুধু নামেই টিকে আছে। আগে এখানে সেবা নিতে ভিড় করতেন অনেক মানুষ। এখন সবাই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে চলে যাচ্ছেন। শুধু মাত্র সরকারের দৃষ্টি না থাকায় সৈয়দপুর মা ও শিশু কল্যান কেন্দ্রটি মুখ থুবরে আছে বলে জানান তারা।

 

Ads