কালিয়াকৈরে পানি পান করে পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ

reporter
সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পানি পান করে পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে একটি পোশাক তৈরি কারখানার সরবরাহ করা পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর অসুস্থ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এলাকাবাসী, কারখানার শ্রমিক-কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড নামে পোশাক তৈরি কারখানায় এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টায় ওই কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। এরপর কাজের ফাঁকে শ্রমিকরা ওই কারখানার সরবারহ করা পানি পান করেন। সকাল সাড়ে ৯টার পর হঠাৎ কারখানার ৪র্থ তলায় শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকের পেটব্যথা, মাথা ঘোরা, বমি, দুর্বলতা ও শ^াসকষ্টের মতো নানা উপসর্গ দেখা দেয়। এক পর্যায় অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

এতে প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। পরে এলাকাবাসী, সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। এদের মধ্যে বেশ কিছু শ্রমিকদের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অসুস্থ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। এদিকে এ ঘটনার পরপরই একদিনের জন্য ওই কারখানাটি সাধারন ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।

অসুস্থ শ্রমিকদের অভিযোগ, কারখানার সরবারহ করা পানি দুর্গন্ধ যুক্ত ছিল। ওই পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও কারখানার ভেতরে এক ধরণের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, এতে তাদের অসুস্থতা আরো বাড়িয়ে দেয় বলেও শ্রমিকদের অভিযোগ।

ওই কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম জানান, শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত সোমবার টানা বৃষ্টির পর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শ্রমিকরা বৃষ্টির দুষিত পানির সংস্পর্শ ও জলাবদ্ধতায় ডুবে যাওয়া কলের পানি পান করেন। একারণে শ্রমিকদের ফুড পয়জনিং হয়ে থাকতে পারে। ফলে সকালে কাজে এসে তারা অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। কারখানার পানিতে কোনো সমস্যা আমরা পাইনি। তারপরেও কারখানার সরবরাহকৃত পানির মান পরিক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশফাক উল ইসলাম জানান, এই হাসপাতালে শতাধিক অসুস্থ শ্রমিক এসেছিল। তাদের ৯০ভাগই নারী শ্রমিক। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হলে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি পান করার কারণে এই সমস্যা হতে পারে। তবে পানি সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিক্ষার ফলাফল দেখে বলা যাবে কি কারণে তারা অসুস্থ হয়ে পড়লেন?

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পানি পান করে কিছু শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা অসুস্থ হয়েছেন, তারা এখন পর্যন্ত শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Ads