ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত, আহত ১

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত, আহত ১

ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। নিহত কামরুজ্জামান দীর্ঘদিন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন। পুলিশ জানায়, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান।

পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌঁছালে মাটিবাহী একটি দ্রুত গতির ট্রাক্টর ইজিবাইকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Ads