সৈয়দপুরে রেললাইনের ধারে বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
সৈয়দপুরে রেললাইনের ধারে বৃদ্ধের লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকার রেললাইন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, ট্রেনের আঘাতে তার মৃত্যু হয়ে হতে পারে। তবে কোন ট্রেনের ধাক্কায় বা ঠিক কখন এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশটির পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। লাশটির পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়, যেখানে কয়েকটি জামা-লুঙ্গি, কিছু খুচরা টাকা এবং একটি চাদর পাওয়া গেছে। নিহতের আনুমানিক বয়স ৬৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশে গিয়ে বৃদ্ধকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। পরে ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দেয়া হয় ।খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পিবিআই ও সিআইডি টিম কাজ করছে এবং বিভিন্ন মাধ্যমে ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Ads