উলিপুরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
উলিপুরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস

কুড়িগ্রামের উলিপুরে ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়েই পাঠদান অব্যাহত রয়েছে বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভবনটির বিভিন্ন স্থানে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া এবং শ্রেণিকক্ষের জরাজীর্ণ দশায় বিকল্প কোন পথ না পেয়ে ভবন ধসের আতংক নিয়েই দিন কাটাচ্ছেন শিক্ষক, ও শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটির ভগ্নদশা। ১৯৯৪ সালে নির্মিত বিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থী ২১৩ জন, শিক্ষক ৮ জন।

শিক্ষকরা জানায়, প্রায় ৪ বছর আগে বিদ্যালয় ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দেয়। অনেক জায়গায় ছাদের পলেস্তারা খসে পড়ে লোহার রড বের হয়ে আছে। বর্ষাকালে ছাঁদ চুঁইয়ে পানি পড়ায় পাঠদান ব্যাহত হয়। বিদ্যালয়টিতে যে কোনো সময় ভবনের অংশবিশেষ ধসে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে ঐ এলাকার অভিভাবকরা।

শিক্ষার্থী নিরব, রায়হান ও উদিতা জানায়, শ্রেণিকক্ষে বসে পড়াশোনা করতে এখন অনেক ভয় লাগে এবং বৃষ্টির সময় গায়ে পানি পরে। অভিভাবক সুবর্ণা রাণী ও আমিনুল ইসলাম বলেন, আমাদের ছেলে মেয়েকে এখন স্কুলে পাঠাই না। এই ঝুঁকিপূর্ণ ক্লাসে কি ভাবে ছেলে মেয়েকে পাঠাই ? এখানে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ ছামছুন্নাহার বেগম জানান, ভবনটি প্রায় চার বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নতুন ভবন নির্মাণ বা বর্তমান ভবনটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার জানান, ওই বিদ্যালয় ভবনের অবস্থা সম্পর্কে অবগত আছি। ওই বিদ্যালয়সহ উলিপুর উপজেলায় ঝুঁকিপুর্ণ ৪৯টি বিদ্যালয় রয়েছে। নতুন ভবন চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলেই নতুন ভবন নির্মাণ করা হবে।

 

 

Ads