বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই

রাজধানীর বাজারে মাছ, মুরগি ও সবজির দাম এখনো চড়া রয়েছে। আগের সপ্তাহের তুলনায় বড় ধরনের পরিবর্তন না হলেও উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা চাপে রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস এক হাজার থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে রয়েছে।

মাছের বাজারেও দামের চাপ অব্যাহত। আকারভেদে ইলিশ মাছ কেজিপ্রতি এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাস ২০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৫০০ টাকা, মাঝারি রুই ৩৫০ থেকে ৪৭০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০ থেকে ৮০০ টাকা এবং শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

একজন মাছ বিক্রেতা জানান, ‘ মাছের সরবরাহ যথেষ্ট আছে তবে ঘাটেই দাম বেশি। তবে ক্রেতা কম বলে দাবি তার।’

সবজির বাজারেও স্বস্তি নেই। প্রায় সব ধরনের সবজি ৫০ থেকে ৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচকলা হালি ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা আলম বলেন, ‘আমাদের কাছে পাইকারি দামও খুব একটা কমেনি। তাই খুচরা পর্যায়ে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুসারে, গত এক সপ্তাহে ঢাকার বিভিন্ন বাজারে চাল, সয়াবিন তেল, রসুন, হলুদ, আদা, ব্রয়লার মুরগি, বেগুন, আলু, দেশি পেঁয়াজ, কাঁচামরিচ ও শসার দাম বেড়েছে।

Ads