তরুণ প্রজন্মকে উদ্ভাবক ও ব্যবসায় আগ্রহী হিসেবে গড়ে তুলতে হবে – মির্জা ফখরুল

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
তরুণ প্রজন্মকে উদ্ভাবক ও ব্যবসায় আগ্রহী হিসেবে গড়ে তুলতে হবে – মির্জা ফখরুল

তরুণ প্রজন্মকে উদ্ভাবক ও ব্যবসায় আগ্রহী হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামে সোলেমান আলী সোলার সেচপাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শুধু রাস্তাঘাট, মসজিদ মাদরাসা চাইলে উন্নয়ন হয়না, উদ্ভাবকই হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়ানোর পাশাপাশি মানুষের আয় বাড়ানো এটাই হচ্ছে মূল কাজ। রাস্তাঘাট তে হবেই, সরকার তে করবেই। তাই বর্তমান তরুণ প্রজন্মকে উদ্ভাবক হওয়ার পরামর্শ মির্জা ফখরুলের।

তিনি বলেন, আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই করে লাভ হবে না, তরুণরা নিজেদের উদ্ভাবক ও ব্যবসায় আগ্রহী হিসেবে গড়ে তুলতে হবে। যাতে নিজে ভালো চলতে পারে, বাপের বোঝা না হওয়া আর জমি বিক্রি করে কাজ না করা। সম্পূর্ণ নিজের চেষ্টায় সোলেমান আলীর মত নিজেকে উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে।

এরপর বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ঠাকুরগাঁও প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। তিনি বলেন, অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা হামলা-হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলার ২৬৫ জন অসহায় মানুষদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এছাড়াও তিনি ঠাকুরগাঁও জেলায় তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন করেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড জনপ্রিয়তা লাভ করেছে, ৪ কোটি মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পাবেন। এর পাশাপাশি কৃষি কার্ডও পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে এই দেশে যারা পিছিয়ে পরেছেন তাদেরকেও সরকার সহযোগিতা করতে চায়। ইতিমধ্যে অনেককেই আমরা সহযোগিতা করতে পেরেছি, ভবিষ্যতেও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন,জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনটিভি স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন ট্রেন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Ads