নাটোরে আগুনে মাদ্রাসা পুড়ে ছাই, অক্ষত ২৫টি কোরআন

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
নাটোরে আগুনে মাদ্রাসা পুড়ে ছাই, অক্ষত ২৫টি কোরআন

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল হাফেজিয়া কওমি মাদ্রাসায় অগ্নিকাণ্ডে টিনের চাল, শিক্ষার্থীদের বিছানাপত্র ও আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। তবে হেফজখানায় থাকা ২৫টি পবিত্র কোরআন অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে জুমার নামাজ চলাকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় মাদ্রাসাটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণের পর ধ্বংসস্তূপের মধ্যে হেফজখানায় রাখা ২৫টি কোরআন অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Ads