কুষ্টিয়ায় জেলা পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় জেলা পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বশিরুল আলম চাঁদ, অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমতিয়াজ। এ সময় পৌর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন, ইমতিয়াজ তারিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুসহ শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের উদ্যোগে পৌর ১৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশের নেতৃত্বের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কুষ্টিয়াকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তোলা যায়।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার শিক্ষক ও সুধীজনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Ads