কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল আব্বাসের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, মাদক মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং কথিত মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে কনস্টেবল আব্বাস তার প্রভাব খাটিয়ে কথিত মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা গ্রহণ করেছেন। তাদের অভিযোগ, কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে মেহেরপুর রোড বাইপাস মোড়সংলগ্ন এলাকার কথিত মাদক ব্যবসায়ী এবং ভেড়ামারা উপজেলার দক্ষিণ ফারাকপুর রেলগেট এলাকা থেকেও তিনি নিয়মিত অর্থ গ্রহণ করতেন।

অভিযোগকারীদের আরও দাবি, এ-সংক্রান্ত একটি ভিডিওতে কনস্টেবল আব্বাসকে টাকা গুনতে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে কনস্টেবল আব্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Ads