সংস্কারের অভাবে বেহাল সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
সংস্কারের অভাবে বেহাল সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল

সংস্কারের অভাবে বেহাল নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এর ফলে যান চলাচল ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে টার্মিনালের মূল ভবন ব্যবহার না হয়ে সড়কে যাত্রী ওঠানামা করায় প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

জানা যায়, ১৯৮৪ সালে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালটি স্থাপিত হয়। তখন থেকে ২০০০ সাল পর্যন্ত উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ ওই টার্মিনালটি সংস্কার করে। এরপর ২০০০ সালের পর থেকে দায়িত্ব পালন করছে, সৈয়দপুর পৌর পরিষদ। এই টার্মিনাল থেকে সৈয়দপুর হয়ে পার্বতীপুর, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাও নীলফামারীর, জলঢাকা, ডোমার, চিলাহাটি, ফুলবাড়ি সহ বিভিন্ন এলাকার শতাধিক বাস মিনিবাস চলাচল করে। এ ছাড়া এই টার্মিনাল থেকে ঢাকা, বগুড়া, যশোর ও চট্টগ্রাম সহ দূরপাল্লার একাধিক ডে- নাইট কোচও চলাচল করে।

১৪ জুলাই মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, শহরের নিয়ামতপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত টার্মিনালটির কোনো মেরামত ও সংস্কারকাজ না হওয়ায় বাস রাখার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে টার্মিনালে পানি থইথই করে। ফলে বৃষ্টির সময় বাস টার্মিনালে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না এবং যাত্রীরাও ওঠানামা করতে পারেন না। যাত্রী বসার স্থান ও ছাদের প্লাস্টার খসে খসে পড়ছে।

সৈয়দপুর থানার ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজ আলম বলেন, টার্মিনালের বাইরে যাত্রী বাসে বা মাইক্রোবাসে ওঠানামার সময় প্রায় দুর্ঘটনা ঘটছে। টার্মিনালটি সংস্কার করা হলে এবং সেখানে যাত্রী উঠানামা করলে কোন প্রকার দুর্ঘটনার আশংকা থাকবে না। তিনি বলেন, বর্তমানে শহরের রাস্তা ঘাট ও ড্রেনের সংস্কার কাজ অব্যাহত রয়েছে কিন্তু টার্মিনালটি সংস্কার না করা কষ্টের বিষয়।

স্থানীয়রা জানান, ২০০০ সালের পর থেকে প্রায় প্রতি বছরই পৌরসভার বাজেটে টার্মিনালটি সংস্কার করতে মোটা অংকের বরাদ্দ দেয়া হয় কিন্তু সংস্কার যে কেন করা হয় না, তা পৌর পরিষদই ভালো বলতে পারবে।

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে টার্মিনালটি সংস্কার না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে টার্মিনালের ভবনটি। আর টার্মিনালের বিভিন্ন অংশ জুড়ে খানাখন্দে ভরে গেছে। একারনে একদিকে যেমন টার্মিনালে বাস থামিয়ে যাত্রীদের উঠানামা করা যাচ্ছে না, অন্য দিকে গর্তের কারনে বাসের ক্ষয়ক্ষতি ও হচ্ছে। তিনি বলেন, টার্মিনালটি সংস্কারের জন্য পৌর পরিষদকে অনুরোধ করা হয়েছে। কিন্তু পৌর পরিষদ কোন তোয়াক্কাই করছে না। যার কারনে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যোগাযোগ করা হলে সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ্ ফাতিহা তাকলিমা বলেন, আমি বছর খানিক ও হবে না পরিষদের দ্বায়িত্ব পালন করছি। গতদিনে টার্মিনালটি সংস্কারে কতো বরাদ্দ দেয়া হয়েছিল তা বলতে পারবো না, তবে এবারে পরিষদের বাজেটে বরাদ্দ দেয়া হলে অবশ্যই সংস্কার করা হবে।

Ads