কালিয়াকৈরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত গ্রেপ্তার

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি প্রাভেটকার জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার উয়াইল পূর্বপাড়া এলাকার মৃত আনজু শেখের ছেলে এলাহি শেখ ওরফে ইমন (৪৮), একই জেলার শিবালয় থানার আলকদিয়াচর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ (৫০), সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বড় চানতারা (রতনদিয়া নতুনবাড়ী) এলাকার বহুত আলীর ছেলে বাবুল আক্তার (৪৩), একই জেলার তাড়াশ থানার নওগাঁ এলাকার জামাল আলীর ছেলে মামুন হাসান (২৭) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার চেরাঙ্গা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে উপজেলার হরতকিতলা এলাকায় ফায়ার সার্ভিস সংলগ্ন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। ওইদিন রাত সোয়া ৭টার দিকে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পায় কালিয়াকৈর থানা পুলিশ।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নির্দেশনায় ওই এলাকায় অভিযান চালায় কালিয়াকৈর থানার একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে ইমন, আরব, বাবুল, মামুন ও রশিদুলকে গ্রেপ্তার করে। এসময় আরো কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা সাভারের আশুলাইসহ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন। তাদের টার্গেটে পড়ে ডাকাতের কবলে পড়ে মহাসড়কে চলাচলরত গাড়ি, অপেক্ষামান যাত্রী, পথচারীরা। তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন নিরিহ অনেক মানুষ। ওই ডাকাত সদস্যদের গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে চাইনিজ কুঁড়াল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-০১৭৬) জব্ধ করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুব আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরের দিন বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের মূলহোতা গ্রেপ্তার আছে। তবে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মুলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

Ads