বিরামপুরে ৫৮ লাখ টাকার মাদকদ্রব্য সহ রিপন গ্রেপ্তার

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
বিরামপুরে ৫৮ লাখ টাকার মাদকদ্রব্য সহ রিপন গ্রেপ্তার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দামোদরপুর (বাসুপাড়া) গ্রামে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ রিপন হোসেন (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রিপন হোসেন (৩৫) বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দামোদরপুর (বাসুপাড়া) গ্রামের আব্দুস সোবহান ওরফে ঘাঁয়া’র ছেলে ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে অভিযান পরিচালনা করেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গীয় ফোর্সসহ উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমান।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমান জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সার্কেলের একটি রেইডিং টিম বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দামোদরপুর (বাসুপাড়া) এলাকায় রিপন হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী রিপন হোসেন (৩৫) গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে বক্স খাটের পাটাতনের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫০০টি ব্রোপিন (লুপিজেসিক) ইনজেকশন, ২ হাজার ৫৫০টি স্ট্রিপে মোট ২৫ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইনজেকশনগুলোর পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটগুলোর ওজন প্রায় ১০ কেজি ২০০ গ্রাম। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৮ লাখ টাকা বলেও জানান তিনি।

অভিযান শেষে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্যের তালিকা প্রস্তুত করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বাঁকি আলামত বিভাগীয় হেফাজতে রাখা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিপন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ রিপন হোসেন নামে এক আসামিকে থানায় হস্তান্তর করেছেন। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

Ads