মেলার নামে লটারি-জুয়ার অভিযোগ ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে মেলা কর্তৃপক্ষ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
মেলার নামে লটারি-জুয়ার অভিযোগ ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে মেলা কর্তৃপক্ষ

নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ ও কুটির শিল্প মেলাকে ঘিরে জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন, দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মেলা উদযাপন কমিটি। বৃহস্পতিবার ১৬ জুলাই রাতে মেলার অতিথি আপ্যায়ন হল রুমে এসএমআর ম্যানেজমেন্টের চেয়ারম্যান এসএস রাসেদ লিখিত বক্তব্যে ওই দাবি তুলেন। একই সঙ্গে আগামীতে মেলাকে নিয়ে অপপ্রচার চালানো হলে অপপ্রচার কারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন মেলা কর্তৃপক্ষ।

লিখিত বক্তব্যে রাসেদ বলেন, সৈয়দপুরের শান্তিপ্রিয় মানুষের সুস্থ বিনোদন নিশ্চিত করা এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে মেলার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মেলা প্রাঙ্গণে কোনো ধরনের জুয়া, হাউজি কিংবা অন্য কোনো অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে না। ভবিষ্যতেও অশালীন কোন কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মেলা শুরুর প্রথম দিন থেকেই স্থানীয় প্রশাসন ও পুলিশ নিয়মিত তদারকি করছে। ফলে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলে দাবি করা হয়।

মেলা কর্তৃপক্ষ আরও জানায়, নারী, শিশু ও পরিবারের সদস্যদের জন্য একটি সুস্থ ও পারিবারিক বিনোদনের পরিবেশ নিশ্চিত করতেই মেলার আয়োজন করা হয়েছে। এখানে হস্তশিল্প, কুটির শিল্পের বিভিন্ন পণ্য, শিশুদের বিনোদনের রাইডসহ নানা আয়োজন রয়েছে।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে মেলায় অবৈধ বা অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা, তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সরেজমিনে মেলা পরিদর্শনের আহ্বান এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওই সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন স্হানীয় ও জাতীয় দৈনিক সহ টেলিভিশনের একাধিক সাংবাদিক।

Ads