মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মাগুরায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। অপরদিকে সদর উপজেলার মধুমতি নদী থেকে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার ২১ জুলাই সকালে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের বাসিন্দা আমিনুরের দুই বছর বয়সী কন্যা রাফিয়া এবং তার চাচাতো বোন, আলিনূরের তিন বছর বয়সী কন্যা রাইশা, খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজী আবু হাসান তাদের মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে মৌশা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের বাগবাড়িয়া এলাকায় মধুমতি নদী থেকে ইয়াসিন মোল্লা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মাগুরা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জামাল উদ্দিন জানান, গত রোববার বিকেলে ইয়াসিন তার চাচার সঙ্গে মধুমতি নদীর পাড়ে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করতে গিয়েছিল। এ সময় পা পিছলে নদীতে পড়ে গেলে সে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার ২১ জুলাই সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগবাড়িয়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইয়াসিন মোল্লা কালিনগর গ্রামের শহর আলী মোল্লার ছেলে এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

Ads