খুলনা নগরীর লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম-রানা গ্রেপ্তার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
খুলনা নগরীর লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম-রানা গ্রেপ্তার

খুলনার লবণচরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত নাজিম ওরফে নাদিম (৩০) এবং তার সহযোগী মোঃ মাসুদ রানা (৩৭)-কে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

আজ শুক্রবার ২৪ জুলাই সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরের লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া নাজিম ওরফে নাদিমের পিতা শাহজাহান। তার বাড়ি খুলনার লবণচরা থানার আমতলা এলাকায়। অপর আসামি মো. মাসুদ রানার পিতা আব্দুর রহমান মিয়াজি। তার বাড়ি ইসলামপাড়া এলাকায়।

অভিযান চলাকালে নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের উদ্ধারকৃত আলামতসহ খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

Ads