বিরামপুর সীমান্তে বিএসএফ ৯জনকে পুশইন চেষ্টা: ব্যর্থ করলো বিজিবি

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
বিরামপুর সীমান্তে বিএসএফ ৯জনকে পুশইন চেষ্টা: ব্যর্থ করলো বিজিবি

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে এক পুরুষ ও আট নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় সীমান্তের অতন্রপহরী ভাইগড় ক্যাম্পের বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী তা প্রতিহত করে দিয়েছে।

জানা গেছে, শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুর হাট বিজিবি ব্যাটালিয়নের অধীনস্হ বিরামপুর উপজেলা ভাইগড় বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ খিয়ারমামুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে শূন্যরেখার পাশে বিএসএফের সঙ্গে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে চরম বাকবিতন্ডা ও উত্তেজনা বিরাজ করছে।

ভারতের অভ্যন্তরে অবস্থান নেওয়া ৯ জন ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে শনিবার (২৫ জুলাই) ভোরে ভারতের শ্রীরামপুর সীমান্তে অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী জানান, শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে খিয়ারমামুদপুর গ্রামে দুই দেশের সীমানা পিলার ২৯১/২০ এস পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৯ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা গ্রামবাসীর সহযোগিতায় তাঁদের ধাওয়া করে ভারতে ঢুকিয়ে দেয়। এরপর থেকে ঐ ৯ জন খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস পিলারের পাশে ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছে।

এ ঘটনায় সকাল ৭টার দিকে বিএসএফের ৩০ সদস্যের একটি দল ওই সীমানা পিলারের পাশে আসে এবং তাঁদেরকে বাংলাদেশি দাবি করে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্য ও বাংলাদেশি নাগরিকদের সঙ্গে বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে খিয়ারমামুদপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে শুন্যরেখার পাশে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির সঙ্গে গ্রামের শতাধিক নারী-পুরুষ ও শিশুরা লাঠি হাতে অবস্থান করছে।

এ বিষয়ে খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য শুকুর আলী জানান, বিএসএফ সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে। আমরা গ্রামবাসীকে নিয়ে বিজিবিকে সহযোগিতা করছি। আমরা সবাই মিলে একতাবদ্ধ আছি, আমরা কিছুতেই ওই ৯ জনকে বাংলাদেশে ঢুকতে দেবো না।

সরেজমিনে খিয়ারমামুদপুর গ্রামে গিয়ে দেখা যায়, ২৯১/২০ এস সীমানা পিলারের পাশে ভারতের অভ্যন্তরের একটি বাঁশঝাড়ের নিচে বিএসএফ সদস্যসহ ঐ ৯ জন অবস্থান করছেন। তাঁদের দাবি তাঁরা বাংলাদেশি। কাছে বাবা-মার ও তাঁদের নিজের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র আছে। তাঁদের বিজিবি দেশে নিচ্ছে না। তাঁরা দালালের মাধ্যমে সীমান্তে এসেছেন।

এ বিষয় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত ভাইগড় ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার টি আলম বলেন, শনিবার (২৫ জুলাই) ভোরে ভারত থেকে ৯ জনকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে (ঢেলে) পাঠানোর চেষ্টা করেন। আমরা সেটি প্রতিহত করেছি। বিএসএফের ভীমপুর ক্যাম্পের কমান্ডারকে আমরা বলেছি, ভারতের কোনো নাগরিককে আমরা বাংলাদেশে প্রবেশ করতে দেব না। সীমান্তে আমরা সতর্ক অবস্থানে আছি।

 

 

Ads