আ’লীগ শাসনামলে ভোলায় নদী ভাঙন রোধে কোনো কার্যকর কাজ করেনি ঃ পার্থ

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
আ’লীগ শাসনামলে ভোলায় নদী ভাঙন রোধে কোনো কার্যকর কাজ করেনি ঃ পার্থ

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকার নদীভাঙন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের নদীভাঙনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় সংসদ সদস্য ভাঙন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পার্থ।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু নদীভাঙন রোধে কোনো কার্যকর কাজ করেনি। কেয়ারটেকার সরকারের সময়ও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে আজ ভোলার মানুষের এই দুর্ভোগ। তিনি আরও বলেন, নদীভাঙন শুধু ভোলার মানুষের বসতভিটাই নয়, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও হুমকির মুখে ফেলেছে।

তাই স্থায়ী সমাধান ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। আমরা সরকার গঠন করেছি। ভোলাকে নদীভাঙন থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদন হলে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন এমন বক্তব্যের কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জুলাই আন্দোলনের বাস্তবতা অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অত্যন্ত কঠিন।

ব্যারিস্টার পার্থ বলেন, দল টিকিয়ে রাখার জন্য এটি একটি রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই নয়। এ কথার কোনো বাস্তবতা নেই। জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন হয়ে যাবে। যে রক্ত, যে আত্মত্যাগ এবং মানুষের যে মানসিকতা তৈরি হয়েছে, তা অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।

দুই বছর আগের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, দুই বছর আগে এ সময় আমি নিজেও রিমান্ডে ছিলাম। অনেকেই তখন একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। ভাঙন কবলিত এলাকা পরিদর্শণের সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads