কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল নগদ অর্থ ও ঢেউটিন

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল নগদ অর্থ ও ঢেউটিন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থের চেক ও ঢেউটিন তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে একটি করে ঢেউটিনের বান্ডিল এবং ঘর পুনর্নির্মাণে সহায়তার জন্য ৪ হাজার ৫০০ টাকার নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলেও তারা আশ্বাস দেন।

Ads