খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ করেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ করেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার প্রেক্ষিতে বয়রাস্থ পুলিশ লাইন্সে মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুর ১২ টা ৩০ মিনিটে গাছ বিতরণ করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

গাছ বিতরণকালে কমিশনার মহোদয় বলেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, কাঠসহ অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ১২ হাজার ৫০০ টি বৃক্ষ রোপণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছে।

এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। তিনি নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা তুলে ধরে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) জনাব সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Ads