নন্দীগ্রামে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি, বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপণ

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি, বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও বৃক্ষরোপণ

বগুড়ার নন্দীগ্রামে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের মাধ্যমে তিনি দিনের কর্মসূচি শুরু করেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি অফিস চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর বেলা ১১টায় নন্দীগ্রাম পৌরসভা চত্বরে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন এবং পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। দুপুর ১২টায় জেলা প্রশাসক নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সুশিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরে দুপুর ১টার দিকে তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল এলাকায় চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ads