সরিষার মধ্যেই ভূত, তাড়াতে অক্ষম সরকার: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সরিষার মধ্যেই ভূত, তাড়াতে অক্ষম সরকার: বিরোধীদলীয় নেতা

বর্তমান সরকারের ভেতরেই দুর্নীতির শিকড় রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ‘সরিষার মধ্যেই ভূত আছে’ উল্লেখ করে তিনি বলেন, তাই এই সরকারের পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। একই সঙ্গে বিএনপির এক জ্যেষ্ঠ নেতার বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, গত পাঁচ মাসে দুর্নীতি কমার বদলে আরও বেড়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি আরও বলেছেন, এটা আমার কথা নয়। তার ভাষ্যমতে, একজন ছাড়া সবাই দুর্নীতিতে লিপ্ত, আর সেই একজন হলেন তারেক রহমান। বিষয়টি আমার বোধগম্য নয়। তারেক রহমান তো প্রধানমন্ত্রী। তিনি যদি দুর্নীতি না চান, তাহলে সবাই কীভাবে দুর্নীতিতে জড়ায়? আমরা তো দেখি, তার ইশারাতেই সবকিছু চলে। তাহলে তার ইশারায় কি দুর্নীতি বন্ধ হয় না?

তিনি আরও বলেন, যখন সরকার নিজেই ব্যর্থতার দায় স্বীকার করেছে, তখন তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক ভিত্তি কি অবশিষ্ট থাকে? আমার মতে, নৈতিক দিক থেকে এই সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। তিনি নিজেই তো সংবাদমাধ্যমের সামনে খোলাখুলি এসব কথা বলেছেন। এটি কোনো গোপন বিষয় নয়; বরং এটাই এই সরকারের আমলের বাস্তব চিত্র।

বিরোধীদলীয় নেতা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার আজকের এই দিনে অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় আজ তারাই নিষিদ্ধ। ইতিহাস সাক্ষ্য দেয়, স্বৈরাচারদের করুণ পরিণতি থেকে কেউ শিক্ষা নেয় না।

নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নানা টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন খাতে অনিয়মের মাধ্যমে কর্মসংস্থানের নামে ভিন্ন চিত্র সৃষ্টি করা হচ্ছে।

Ads