কুষ্টিয়ায় মজিদ মেম্বারের ছেলের বিরুদ্ধে যুবকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় মজিদ মেম্বারের ছেলের বিরুদ্ধে যুবকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া বাজারে চুল কাটাতে এসে পলাশ (২৭) নামে এক যুবক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত পলাশ ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া এলাকার রকিবুল মণ্ডলের ছেলে।

পরিবারের অভিযোগ, এলাকায় পরিবেশ ভালো না থাকার কারণে পলাশ বাসা থেকে তেমন বের হয় না । বিকেলে চুল কাটার জন্য ঝাউদিয়া বাজারে যায়। ওখানে ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া এলাকার মজিদ মেম্বারের ছেলে সাগর, আইয়ুবের ছেলে ইকরাম এবং উদয়পুর এলাকার বুড়ো মণ্ডলের ছেলে সীমান্ত দেশীয় অস্ত্র নিয়ে পলাশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

স্বজনদের দাবি, পলাশের দুলাভাই মিজানুর রহমান স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সামাজিক ও রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন। থানায় পলাশকে মারার বিষয়ে কোনো অভিযোগ না করতে পারে সেজন্য তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মজিদ মেম্বার গ্রুপ।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মজিদ মেম্বারের বিরুদ্ধে এর আগেও হত্যা ও অস্ত্র সংক্রান্ত বিভিন্ন মামলা এবং অভিযোগ আছে। সম্প্রতি তার কাছ থেকে অস্ত্র কিনতে এসে দুই ব্যক্তি আটক হওয়ার ঘটনাও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, “বিকেলে একটি ছেলেকে মারধরের ঘটনা শুনেছি। তবে তাকে কারা মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া দেয়নি কেউ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Ads