মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে ০১ শ্রমিক নিহত ও ০২ জন গুরুতর আহত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে ০১ শ্রমিক নিহত ও ০২ জন গুরুতর আহত

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন একটি মাদ্রাসার সেপটিক ট্যাংক নির্মাণের সময় দেয়াল ধসে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

আজ শনিবার ০১ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান (৪৫) যশোর জেলার কোতোয়ালি থানার লেবুখালী গ্রামের বদর উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিক মমিনুর রহমান জানান, সেপটিক ট্যাংকের ভেতরে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বাইরের দিকের মাটির প্রচণ্ড চাপে ট্যাংকের একটি দেয়াল ধসে পড়ে।

এতে তিনজনই চাপা পড়েন। দুজন কোনোভাবে প্রাণে বাঁচলেও আতিয়ার রহমান দেয়ালের নিচে চাপা পড়ে পানিতে আটকে যান। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, টানা বৃষ্টি ও কাদাপূর্ণ পরিবেশের মধ্যেই সেপটিক ট্যাংকের নির্মাণকাজ চলছিল। এ সময় ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়ে শ্রমিকরা চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

 

Ads