ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল নোমান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ সময় নোমান কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে কুমারখালীর দিকে ফিরছিলেন। নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Ads