উড়াল সড়কে পড়েছিল নারীর লাশ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
উড়াল সড়কে পড়েছিল নারীর লাশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়াল সড়কে পড়েছিল এক নারীর লাশ। শনিবার সকালে উপজেলার সফিপুর এলাকার উড়াল সড়ক থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন পথচারী ছিলেন।

নিহত হলেন, জামালপুরের ইসলামপুর থানার হাড়গিলা এলাকার আবুল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৩৮)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়াল সড়কের উপরে এক নারীর লাশ পড়েছিল। শনিবার সকালে ওই সফিপুর উড়াল সড়কের উপরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত মরিয়মের পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন পথচারী ছিলেন। ওই উড়াল সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। তার শরীর, মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Ads