খুলনা নগরীতে চোরাই মালামালসহ যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
খুলনা নগরীতে চোরাই মালামালসহ যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ

খুলনা নগরীর নিরালা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মোঃ সিরাজুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা–পুলিশ।

এ সময় তাঁর হেফাজত থেকে ১২ কয়েল বৈদ্যুতিক তার, একটি হাইড্রলিক কাটার ও দুটি টিন কাটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার ১০ আগস্ট রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিরালা দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিরাজুল ইসলামের বাড়ি খুলনার কয়রা উপজেলার বিনাপানি এলাকায়। তিনি বর্তমানে খুলনা সদর থানার নিরালা এলাকায় বসবাস করেন। তাঁর বাবার নাম মৃত অহেদ আলী সরদার।

পুলিশের ভাষ্য, গত ৯ আগস্ট সোনাডাঙ্গা থানায় চুরি-সংক্রান্ত একটি মামলা (মামলা নম্বর–৭) করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪৫৭, ৪৬১ ও ৩৮০ ধারায় রুজু করা হয়েছে। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানা–পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামাল মামলার তদন্তে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ads