হারাগাছে ৩ লাখ ৬৬ হা জার ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ১

তারিকুল ইসলাম শুভ, রংপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
হারাগাছে ৩ লাখ ৬৬ হা জার ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ১

সরকারি রাজস্ব ফাঁকি দিতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতি চলছিল রংপুরের হারাগাছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা। এ ঘটনায় মো. হামিদুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হারাগাছ থানার চান্দকুটি সৎবাজার এলাকার আঠারোদোনে হামিদুল হকের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মোট ৩ লাখ ৬৬ হাজারটি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। প্রতিটি ব্যান্ডরোলের ভ্যাট ও ট্যাক্সসহ সরকারি মূল্য ৮ টাকা ৯১ পয়সা হিসেবে উদ্ধার করা ব্যান্ডরোলের মোট মূল্য ৩২ লাখ ৬১ হাজার ৬০ টাকা।

গ্রেপ্তার হামিদুল হক চান্দকুটি সৎবাজার এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে এসব নকল ব্যান্ডরোল সংরক্ষণ করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছিল।

হারাগাছ থানার পুলিশ কর্মকর্তারা জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বাজারজাত করা হলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়, অন্যদিকে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়ে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের দিকনির্দেশনায় হারাগাছ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, সরকারি রাজস্ব সুরক্ষা, নকল ও অবৈধ পণ্য প্রতিরোধ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads