নন্দীগ্রামে কিডনি রোগীকে উপজেলা বণিক সমিতির ৫০ হাজার টাকা সহায়তা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
নন্দীগ্রামে কিডনি রোগীকে উপজেলা বণিক সমিতির ৫০ হাজার টাকা সহায়তা

বগুড়ার নন্দীগ্রামে কিডনি রোগে আক্রান্ত অসহায় গোলাম আযমকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা শিল্প ও বণিক সমিতি।

মঙ্গলবার (১১আগষ্ট) বিকেলে উপজেলা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে গোলাম আযমের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। গোলাম আযম নন্দীগ্রাম পৌর এলাকার চুকাইপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

সে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তার একটি কিডনি অকেজো হয়ে গেছে এবং অপর কিডনিতে পাথর ধরা পড়েছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সে আর্থিক সংকটে পড়েছেন।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সালাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী আব্দুস সাত্তার, বদরুদ্দোজা আল-তৌফিক, কোরবান আলী ও গোলাম মোস্তফাসহ সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বণিক সমিতির নেতৃবৃন্দ বলেন, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। গোলাম আযমের চিকিৎসায় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। তার চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Ads