কালিয়াকৈরে অটো রিকশা চুরির চেষ্টায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে অটো রিকশা চুরির চেষ্টায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ওই যুবককে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আটককৃত হলেন, পিরোজপুরের সদর উপজেলার তেজখালি এলাকার কাইয়ূম মিয়ার ছেলে ইমন মিয়া (২৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওইদিন রাতে আব্দুল মান্নান নামে এক চালক তার অটোরিকশাটি ওই এলাকার বোর্ডঘর-ঢালজোড়া বাজার সড়কের পাশে রেখে একটি দোকানে চা খেতে যান। তিনি চা খেয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন তার অটোরিকশাটি সেখানে নেই। এসময় তিনি ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন।

অনেক খোঁজাখুজির এক পর্য়ায়ে অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে ইমন নামে ওই যুবককে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। এরপর মান্নানের চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে তার কাছে বুঝিয়ে দেয় পুলিশ। বুধবার দুপুরে থানায় আইনি প্রক্রিয়া শেয়ে আটককৃত চোর চক্রের সদস্য ইমনকে গাজীপুর জেলহাজতে পাঠানো প্রস্তুতি চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আটককৃতকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হচ্ছে।

Ads