কুষ্টিয়ায় নিসচার উদ্যোগে শতাধিক ঔষধি গাছ রোপণ

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
কুষ্টিয়ায় নিসচার উদ্যোগে শতাধিক ঔষধি গাছ রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও সড়কের সৌন্দর্য বাড়াতে কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লক এলাকার প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে শতাধিক ঔষধি গাছ রোপণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ৩ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিসচা সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে এবং নিসচা কুষ্টিয়া জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

শতাধিক রোপণ করা গাছের মধ্যে ছিল নিম, অর্জুন, আমলকী, হরীতকী, বহেরা, জাম, কৃষ্ণচূড়া ও অন্যান্য ঔষধি ও দেশীয় প্রজাতির গাছ। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব গাছ রোপণ করা হয়। কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন নিসচা সদস্যরা।

হাউজিং এর স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঔষধি গাছগুলো বড় হলে এলাকার পরিবেশ আরও সবুজ ও মনোরম হবে। আমরা স্থানীয়ভাবেও গাছগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করব।

অন্য বাসিন্দা আবু সাঈদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশের ভিত্তি তৈরি করা। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ, সদস্য শরিফুল ইসলাম সুমন, সবুজ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাও তাদের সামাজিক দায়িত্ব। সড়কের পাশে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পথচারী ও যাত্রীদের স্বস্তি দেয়। প্রতিবছরের মতো এবারও সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

Ads