কুষ্টিয়ায় বিদ্যুৎ স্থাপনায় নাশকতার আশঙ্কা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বিদ্যুৎ স্থাপনায় নাশকতার আশঙ্কা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি

বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংকে কেন্দ্র করে জনঅসন্তোষ ও নাশকতার আশঙ্কায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কাছে পৃথক দুটি চিঠি দিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

গত সোমবার ও মঙ্গলবার দেওয়া এসব চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওজোপাডিকো কুষ্টিয়া কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে কুষ্টিয়াতেও ব্যাপক লোডশেডিং চলছে। এতে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার আশঙ্কা রয়েছে।

চিঠিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন ও পুলিশি নজরদারি জোরদারের অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ঘাটতির কারণে প্রায় ৩ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং হচ্ছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাতেও এর তীব্র প্রভাব পড়েছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, শিল্পকারখানা, কৃষক ও অফিস-আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে জনমনে ক্ষোভ বাড়ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, লোডশেডিং এর কারণে নিরাপত্তা জনিত শংঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে আমরা প্রশাসনের কাছে একটি চিঠি প্রেরণ করেছি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, দুটি চিঠি বুধবার সকালে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশ নজরদারি করছে।

Ads