অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বিরামপুর এ্যাকুয়াথিম পার্কের ৮টি ঘর সিলগালা

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বিরামপুর এ্যাকুয়াথিম পার্কের ৮টি ঘর সিলগালা

দিনাজপুর জেলার বিরামপুর এ্যাকুয়াথিম পার্কে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিরামপুর পৌরশহরের মির্জাপুর এলাকায় অবস্থিত এ্যাকুয়াথিম পার্কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন। এ সময় বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিরামপুর এ্যাকুয়াথিম পার্কে বেশ কিছুদিন ধরে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন কর্তৃপক্ষ। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালান বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ৮টি ঘর সিলগালা করেন তিনি।

পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন জানান, বিরামপুর এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে। এমন অভিযোগ কয়েক দিন ধরে আসছে।

আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) আমরা সেখানে অভিযান চালিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। উপস্থিত কাউকে পাওয়া যায়নি। তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। আমরা ৮টি ঘর সিলগালা করেছি এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

Ads